বৃহস্পতিবার
০১ অক্টোবর ২০২৬
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: দেশের বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে নৌপথে যাত্রীভাড়া বাড়িয়েছে সরকার। পুনর্নির্ধারিত ভাড়া অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটারে প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২২ পয়সা এবং পরবর্তী দূরত্বে ১৯ পয়সা বাড়ানো হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন যাত্রীভাড়া ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল।
প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী নৌযানে যাত্রী পরিবহনের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নৌপথে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে। অন্যদিকে, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা সব নদীবন্দরের টার্মিনাল ও নৌযানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে।
এতে নৌযানের ভাড়া নির্ধারণসংক্রান্ত আগে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ বাতিল করা হয়েছে। জনস্বার্থে পুনর্নির্ধারিত এ ভাড়া ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।