বৃহস্পতিবার
০১ অক্টোবর ২০২৬
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও বিষয়টি নিশ্চিত করেছেন।
তাঁরা জানান, রাড্ডা সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ এবং দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন।
এর আগে রাজধানীর মিরপুরে অবস্থিত মাতৃ ও শিশু স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন মহলে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, অপরাধে জড়িত ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। এমনকি কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছিল।
এদিকে, এ ঘটনায় যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।