শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

শুক্রবার

০২ অক্টোবর ২০২৬

১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

বিমানবন্দরে হট্টগোলের ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার আলম সজীব। বিমানবন্দর থানায় দণ্ডবিধির আটটি ধারায় মামলাটি করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকায় এ ঘটনা ঘটে। মদিনা থেকে বাংলাদেশ বিমানের বিজি-৩৩৮ ফ্লাইটে আসা যাত্রীরা অতিরিক্ত চাপ ও ট্রলির সংকটের কারণে লাগেজ পেতে দেরি হওয়ায় উত্তেজিত হয়ে পড়েন।

এ সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘটনাস্থলে যাওয়ার অনুরোধ জানান। নির্বাহী পরিচালক সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে আখতারুজ্জামান উত্তেজিত হয়ে তাঁর দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং গালিগালাজ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামান নির্বাহী পরিচালককে মারধর এবং ঘাড় ধরে বের করে দেওয়ার হুমকি দেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন বিমানবন্দরের সংরক্ষিত গুরুত্বপূর্ণ স্থাপনা (কেইপিআই) এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে শুরু করেন। নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাঁদের ভিডিও ধারণে নিষেধ করলে আখতারুজ্জামান তাঁকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অন্য যাত্রীদের সংগ্রহ করা জমজমের পানির বোতল ট্রলি থেকে ফেলে দিয়ে ক্ষতিসাধন এবং বিমানের এক প্রতিনিধির সঙ্গে আক্রমণাত্মক আচরণের অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

বাদীর অভিযোগ, সংবেদনশীল ও সংরক্ষিত স্থাপনায় এ ধরনের ঘটনায় কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়েছে এবং বিমানবন্দরের স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পুলিশ দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি নথিভুক্ত করেছে। এসব ধারায় সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

তদন্তের প্রয়োজনে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ, প্রবেশ ও নিরাপত্তাসংক্রান্ত নথি, ফ্লাইটের রেকর্ড এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যসহ প্রাসঙ্গিক আলামত সংগ্রহ করা হতে পারে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গত বছরের ডিসেম্বরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেন। এর আগে তাঁকে বিএনপি থেকে অন্তত পাঁচবার বহিষ্কার করা হয়েছিল।