রবিবার
০৪ অক্টোবর ২০২৬
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঞ্জানিয়ার আরুসার উদ্দেশে যাত্রা করেন তিনি।
আগামী ৫ থেকে ৯ অক্টোবর তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিত হবে ১৫৩তম আইপিইউ সম্মেলন। সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নেবেন স্পিকার।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য—‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’।
সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর আইপিইউয়ের গভর্নিং কাউন্সিলের সভায় নতুন আইপিইউ সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
আইপিইউ সম্মেলন শেষে আগামী ১১ অক্টোবর স্পিকার দেশে ফিরবেন।