রবিবার
০৪ অক্টোবর ২০২৬
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে দলটি।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালন আখড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির মিডিয়া টিমের নেতা ইয়াসির আরাফাত জানান, আখড়া পরিদর্শনে গেলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে একটি ইট তার হাতে লাগে। এ ঘটনায় নাসীরুদ্দীনসহ তিনজন আহত হয়েছেন।
হামলার সময় গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর মাজার প্রাঙ্গণে কিছু সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় নাসীরুদ্দীন পাটওয়ারী মাজার এলাকা ত্যাগ করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন শাহের মাজারে এসেছিলেন। তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেছে বলে পুলিশ খবর পেয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে হামলার কারণ বা কারা এ ঘটনায় জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের কয়েকজনকে তাড়া করতে দেখা গেছে। তবে ভিডিওটির সত্যতা এবং হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।