মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

সোমবার

০৫ অক্টোবর ২০২৬

২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ডবলমুরিংয়ে চসিকের ভেজালবিরোধী অভিযান, চানাচুর কারখানাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন বার কোয়ার্টার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং অননুমোদিত ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অপরাধে এক চানাচুর কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বার কোয়ার্টার এলাকার পশ্চিম ঝর্নাপাড়ায় এ বিশেষ ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, পশ্চিম ঝর্নাপাড়া এলাকায় অবস্থিত ‘মায়ের দোয়া চানাচুর কারখানা’-য় অননুমোদিত কেমিক্যাল, ক্ষতিকর কৃত্রিম রং ও স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ পোড়া তেল বারবার ব্যবহার করে চানাচুরসহ বিভিন্ন মুখরোচক খাদ্য তৈরি করা হচ্ছিল।

এছাড়া সম্পূর্ণ নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে এসব পণ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় চসিক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অননুমোদিত খাদ্যপণ্য প্রস্তুতকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চসিকের এ ধরনের তদারকিমূলক ও ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।