মঙ্গলবার
০৬ অক্টোবর ২০২৬
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে দেশের ৩০টি ব্যাংক। এ কারণে নির্দিষ্ট সময়ের জন্য এসব ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস, কিউআরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
ব্যাংকগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কিছু সেবা বন্ধ থাকবে। এতে গ্রাহকদের বিকল্প মাধ্যমে লেনদেন করতে হতে পারে।
তবে সব সেবা একসঙ্গে বন্ধ থাকবে না। মধুমতি ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু কার্ড ও সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক থাকবে। পাশাপাশি অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং মানি অ্যাপের মাধ্যমে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ে ফান্ড ট্রান্সফার চালু থাকবে।
কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত নয় এমন অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফারও স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
যেসব ব্যাংকের সেবা সাময়িক বন্ধ থাকবে
সেবার আওতায় থাকা ব্যাংকগুলো হলো—বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক এবং উরি ব্যাংক বাংলাদেশ।
ব্যাংকাররা বলছেন, ডিজিটাল লেনদেনের ব্যবহার দ্রুত বাড়ায় ব্যাংকগুলোর প্রযুক্তিগত অবকাঠামোর সক্ষমতা ও নিরাপত্তা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। এ কারণে কোর ব্যাংকিং সিস্টেম, কার্ড নেটওয়ার্ক ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন ব্যাংকিং কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
সাধারণত সিস্টেম উন্নয়ন বা রক্ষণাবেক্ষণের সময় কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত কিছু সেবা সীমিত রাখা হয়। কাজ শেষ হলে নির্ধারিত সময় অনুযায়ী সেবাগুলো আবার স্বাভাবিক হয়ে যায়। তবে এবার একসঙ্গে ৩০টি ব্যাংকের বিভিন্ন সেবা সীমিত হওয়ায় বড়সংখ্যক গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
বাংলাদেশ ব্যাংককে না জানানোয় গভর্নরের ক্ষোভ
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ‘কিউ-ক্যাশ’ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এ কারণে সংশ্লিষ্ট ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করা হয়নি বলে জানান তিনি। ব্যাংকগুলো নিজেদের পক্ষ থেকে একযোগে সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আরিফ হোসেন খান বলেন, গুরুত্বপূর্ণ এ ধরনের সিদ্ধান্ত ব্যাংকগুলোর পক্ষ থেকে এককভাবে নেওয়াকে গভর্নর ভালোভাবে নেননি। বিষয়টি নিয়ে তিনি ক্ষুব্ধ এবং ব্যাংকগুলোর এমন সিদ্ধান্তকে গর্হিত হিসেবে দেখছেন।