বুধবার, ৭ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

০৬ অক্টোবর ২০২৬

২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলের নির্দেশ সিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় নগরের দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সেপ্টেম্বরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় সিএমপি কমিশনার সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের নিজ নিজ আওতাধীন এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধসহ যেকোনো অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রেখে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা সুনিশ্চিত করতে রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য বকেয়া মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয় সভায়। একইসঙ্গে ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা তামিলের গতি বাড়াতে থানার অফিসার ইনচার্জদের (ওসি) নির্দেশনা দেওয়া হয়।

নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করতে গিয়ে সিএমপি কমিশনার সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন। বিশেষ করে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সভায় সেপ্টেম্বর মাসে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত ও সম্মাননা দেওয়া হয়।

অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।