মঙ্গলবার
০৬ অক্টোবর ২০২৬
২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: নগরের পতেঙ্গা থেকে মিয়ানমারে পাচারকালে ৪ লাখ টাকার ৪০ টন সিমেন্টসহ একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার (৫ অক্টোবর) দিনগত রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান চালায়। অভিযানটি হয় পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১২ নম্বর ঘাট সংলগ্ন এলাকায়।
সেখানে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪ লাখ টাকার ৪০ টন (৮০০ বস্তা) সিমেন্ট এবং পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়, তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা সিমেন্ট ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।