বুধবার, ৭ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

০৬ অক্টোবর ২০২৬

২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

ঢাকা থেকে হঠাৎ দিল্লি, মোদির সঙ্গে বৈঠকে কী বার্তা?

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

দিল্লির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দুই দেশের মধ্যকার বিভিন্ন ইস্যুতে ঢাকার বর্তমান অবস্থান সম্পর্কে দিল্লিকে অবহিত করতেই হাইকমিশনারের এ সফর।

এর আগে সোমবার (৫ অক্টোবর) রাতে একটি ফ্লাইটে ঢাকা থেকে দিল্লিতে পৌঁছান দীনেশ ত্রিবেদী। তবে তার এই সফর সম্পর্কে বাংলাদেশে ভারতের হাইকমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

স্বাধীনতার পর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী প্রথম ভারতীয় হাইকমিশনার, যাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার নিয়োগও ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় চূড়ান্ত করেছে।

এ কারণে দিল্লিতে গেলে তিনি সাধারণত সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। পেশাদার বা ক্যারিয়ার কূটনীতিকদের মতো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করার প্রচলিত প্রক্রিয়া তার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা বেশ কিছুটা এগোলেও শেষ পর্যন্ত সফরটি এখনো বাস্তবায়িত হয়নি।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার দাবিও দীর্ঘদিন ধরে দিল্লির বিবেচনায় রয়েছে। বিষয়টি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্যতম অস্বস্তিকর ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।

এর পাশাপাশি গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন নিয়েও দুই দেশের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ৩০ বছর মেয়াদি গুরুত্বপূর্ণ এই চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরেই শেষ হওয়ার কথা রয়েছে।

ফলে সম্ভাব্য প্রধানমন্ত্রীর ভারত সফর, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং গঙ্গা চুক্তির নবায়নসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যেই ভারতীয় হাইকমিশনারের আকস্মিক দিল্লি সফর ও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।