মঙ্গলবার
০৬ অক্টোবর ২০২৬
২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


বোয়ালখালী প্রতিনিধি:: বোয়ালখালী পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি হাজি আবুল কালাম আবু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি।
তাঁর বড় ছেলে আবদুল্লাহ আল মামুন জুয়েল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাবা দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।”
২০১৪ সালের ২২ মে অনুষ্ঠিত নির্বাচনে বোয়ালখালী পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন হাজি আবুল কালাম আবু। পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র হিসেবে নবগঠিত এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাঠামো দাঁড় করানোর দায়িত্ব ছিল তাঁর কাঁধে। এর আগে ও পরে তিনি বোয়ালখালী পৌর বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
তাঁর মৃত্যুর খবরে বোয়ালখালীজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বোয়ালখালী পৌর প্রশাসক কানিজ ফাতেমা বলেন, “সাবেক মেয়রের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।”