শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

শুক্রবার

০৯ অক্টোবর ২০২৬

২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

Logo

রাষ্ট্রীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে জামায়াত: রিজভী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: শেখ হাসিনার শাসনামলে দেশে গণতন্ত্র বিলীন হয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি আত্মত্যাগ করেছে এবং রক্তঝরা আন্দোলন চালিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় ও জনগণের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘কমল কুঁড়ি’ আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

জামায়াত নেতা মেজর (অব.) আক্তারুজ্জামানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, অন্যায়, অনিয়ম কিংবা অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ করা যেতে পারে। তবে কাউকে মারতে যাওয়া বা হুমকিমূলক বক্তব্য দেওয়া সমর্থনযোগ্য নয়। প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব।

আক্তারুজ্জামান একসময় বিএনপিতে ছিলেন উল্লেখ করে রিজভী বলেন, তিনি কখনোই দলের শৃঙ্খলা মেনে চলেননি। গত ১৫ থেকে ২০ বছর ধরে টেলিভিশনে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বিভিন্ন আপত্তিকর বক্তব্য দিলেও তৎকালীন প্রধানমন্ত্রী তাঁকে কিছু বলেননি বলে মন্তব্য করেন তিনি।

বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে রিজভী বলেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন সামরিক কর্মকর্তার ওপর হামলার চেষ্টা এবং নিম্নপদস্থ কর্মীদের গায়ে হাত তোলার অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। সম্প্রতি ওই ব্যক্তির একটি রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়টিও দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত নেতাদের উদ্দেশে রিজভী বলেন, ওই ব্যক্তিকে বহিষ্কারের বিষয়ে তাঁদের আগেই বিবৃতি প্রস্তুত রাখা উচিত।

রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রবাসীদের পাঠানো অর্থের ওপর নির্ভর করে লাখ লাখ পরিবারের জীবনযাত্রা। স্বজনদের পাঠানো অর্থের অপেক্ষায় থাকেন দেশের অসংখ্য মানুষ।

তাঁর মতে, রেমিট্যান্স বন্ধের হুমকি দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার জন্য ক্ষতিকর। এ ধরনের বক্তব্যকে দেশবিরোধী, মানবতাবিরোধী এবং জনগণের স্বার্থের পরিপন্থি বলেও আখ্যা দেন তিনি।

রিজভী অভিযোগ করেন, জামায়াতে ইসলামী কখনোই জাতীয় ও জনগণের স্বার্থকে যথাযথ গুরুত্ব দেয়নি; বরং দলীয় স্বার্থকে সামনে রেখেছে। ১৯৭১, ১৯৮৬ ও ২০২৪ সালের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব সময়েও রাষ্ট্রীয় স্বার্থের তুলনায় দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ।

অন্যদিকে বিএনপি সব সময় রাষ্ট্র ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে দাবি করে রিজভী বলেন, শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে দলটি আত্মত্যাগ করেছে এবং রক্তঝরা আন্দোলন চালিয়েছে।