রবিবার
১১ অক্টোবর ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সাফায়েত মেহেদী, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাই উপজেলার মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মোঃ মনোয়ার হোসেন চৌধুরী রাফেল।
গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে এডহক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
চিঠি অনুযায়ী, অনুমোদনের তারিখ থেকে আগামী ছয় মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবদুল কাইয়ুম স্বাক্ষরিত চিঠিতে মনোয়ার হোসেন চৌধুরীকে সভাপতি, মো. নিজাম উদ্দিন ভূঁইয়াকে জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি এবং মোহাম্মদ শহীদুল আলমকে অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়টি মিরসরাই উপজেলার ৯ নম্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মরহুম আজহারুল হক চৌধুরী নওশা মিয়া।
এলাকার ধর্মীয় শিক্ষার প্রসার, স্কুল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা বিস্তার, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, বেকারত্ব দুর করতে আজীবন অবদান রেখেছেন। দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষাবিস্তার ও শিক্ষার পরিবেশ উন্নয়নে এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়ে মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবিস্তারে এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং গ্রামবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা সম্ভব।
মনোয়ার হোসেন রাফেল জানান, তিনি মরহুম আজহারুল হক চৌধুরী নওশা মিয়া পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি তার বাবা মরহুম আলহাজ্ব আজহারুল হক চৌধুরীর স্মৃতি রক্ষায় বড় ভাই মজহার হোসেন চৌধুরী সোহেল এর দিক নির্দেশনায় স্কুলের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাবেন। এর আগে আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার বড় সন্তান মজহার হোসেন চৌধুরী সোহেল বাবার প্রতিষ্ঠিত স্কুলের একযুগ ধরে সভাপতি হিসেবে অবদান রাখেন।