সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সোমবার

১২ অক্টোবর ২০২৬

২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামের কিছু ছেলে, একটুখানি স্বপ্ন আর বড় পর্দায় ‘অন্যপাতা’

নিউজ ডেস্ক: কিছু গল্পের শুরু হয় খুব সাধারণভাবে। হয়তো কয়েকজন বন্ধু একদিন বসে গল্প করছিল, হয়তো কারও মাথায় একটা সিনেমা বানানোর ইচ্ছে এসেছিল। তখন কেউ জানত না, সেই ইচ্ছেটা একদিন চল্লিশেরও বেশি মানুষের স্বপ্ন হয়ে উঠবে। চট্টগ্রামের কিছু ছেলে মিলে এমনই একটা স্বপ্ন দেখেছিল। নাম তার ‘অন্যপাতা’।

সন্দ্বীপের ছেলে মোঃ শাহেজাহান এ্যানি এই সিনেমার পরিচালক। প্রধান অভিনেতা শাহরিয়া শাকিলও সন্দ্বীপের, আর ডিওপি ও প্রযোজক অংকন দে অনিমেষ রাউজানের ছেলে। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনেরও বেশি শিক্ষার্থী।

কেউ চট্টগ্রামের সন্তান, কেউ এই শহরে পড়াশোনা করছেন—কিন্তু সবাই মিলে একটা গল্পকে বড় পর্দায় নিয়ে আসার স্বপ্ন দেখেছেন।

সিনেমাটা বানানো সহজ ছিল না। পড়াশোনা, পরীক্ষা আর টিউশনি সামলে নিজেদের উপার্জনের টাকা, পকেটমানি, সময় আর ভালোবাসা দিয়ে দুই বছরেরও বেশি সময় ধরে তাঁরা গড়ে তুলেছেন অন্যপাতা।

ছয়জনের ছোট্ট একটা দল থেকে যাত্রাটা একসময় চল্লিশেরও বেশি মানুষের সম্মিলিত প্রয়াসে পরিণত হয়েছে। ভাবতে ভালো লাগে, একজনের স্বপ্ন যখন এতগুলো মানুষের নিজের স্বপ্ন হয়ে ওঠে, তখন সেটাকে আর শুধু একজনের গল্প বলা যায় না।

তবে অন্যপাতা শুধু সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে তৈরি কোনো সিনেমা নয়। এর ভেতরে আছে আমাদের খুব চেনা একটা সময়—বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দিনগুলো।

পরীক্ষার চাপ, পরিবারের প্রত্যাশা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা—এসবের মাঝেই কখনো জীবনে এমন একজন মানুষ আসে, যার উপস্থিতিতে কঠিন সময়টাও একটু সহনীয় মনে হয়। রাতুলের জীবনেও তিহার আগমন তেমনই। বাস্তবতার সঙ্গে লড়াই করতে করতে দুজন মানুষের একে অপরের আপন হয়ে ওঠার গল্প এটি।