সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সোমবার

১২ অক্টোবর ২০২৬

২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাসায় ছিলেন জি এম কাদের। তবে এতে কেউ আহত হননি বলে জানিয়েছেন তাঁর প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য।

তিনি জানান, সোমবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে একদল ব্যক্তি জি এম কাদেরের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জাতীয় পার্টির পরবর্তী করণীয় পরে জানানো হবে বলেও জানান তিনি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জাতীয় পার্টির সূত্র জানায়, ঘটনার আগে ‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে জি এম কাদেরের বাসভবনের সামনে একটি মিছিল বের করা হয়। এ সময় মিছিল থেকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে এ বিষয়ে পুলিশি তদন্ত ও আইনগত পদক্ষেপের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।