সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সোমবার

১২ অক্টোবর ২০২৬

২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

সৌদি আরবের পাশে আছে বাংলাদেশ: শামা ওবায়েদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: মক্কা-মদিনার ওপর কোনো ধরনের হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মক্কা-মদিনার নিরাপত্তা হুমকির মুখে পড়লে বাংলাদেশের পক্ষ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হবে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে বিআইআইএসএস।

সৌদি আরবের প্রয়োজনে বাংলাদেশ সেনা পাঠাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখনো মক্কা প্যাক্টে যোগ দেয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত কার্যকর না হওয়া পর্যন্ত সেনা পাঠানোর প্রশ্নও উঠছে না।

তিনি আরও বলেন, সৌদি আরবে চলমান পরিস্থিতিতে দেশটির সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ সংহতি প্রকাশ করেছে। বাংলাদেশ অবিলম্বে সংঘাত বন্ধের পক্ষে এবং সৌদি আরবের সরকার ও জনগণের পাশে রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠিও দিয়েছেন বলে জানান তিনি।

মক্কা-মদিনার নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ বলেন, মুসলিম বিশ্বের কাছে পবিত্র এই দুই নগরীর গুরুত্ব শুধু কূটনৈতিক নয়, আবেগেরও বিষয়। তাই মক্কা-মদিনার ওপর কোনো হুমকি এলে বাংলাদেশ নীরব থাকবে না; প্রয়োজন হলে সহায়তার হাত বাড়িয়ে দেবে।

এদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত শনিবারের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১৪ জন নিহত হন। পরদিন আবারও বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে, যাতে একজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

তবে বাংলাদেশ কী ধরনের সহায়তা দেবে বা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে প্রতিমন্ত্রী বিস্তারিত কিছু জানাননি।