মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

১৩ অক্টোবর ২০২৬

২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

হুতিদের হামলার জবাবে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি সৌদি জ্বালানিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবের বিমানবন্দর ও তেল-গ্যাস স্থাপনায় হুতিদের হামলায় প্রাণহানির ঘটনার জবাবে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান।

রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিলের (ডব্লিউপিসি) এনার্জি কংগ্রেসে তিনি বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনা গুরুতর। আমাদের জবাবও সমানভাবে কঠোর হতে হবে।’

সৌদি কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, রোববার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালে হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এর এক দিন আগে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের অন্য একটি টার্মিনালে আঘাত হানে। ওই হামলায় ১৩ জন নিহত হন এবং টার্মিনালটি বন্ধ করে দিতে হয়।

হুতিরা জানিয়েছে, পশ্চিম ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সৌদি আরবের ‘নৃশংস আগ্রাসনের’ জবাবে তারা এসব হামলা চালিয়েছে।

এদিকে হুতিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাজধানী সানায় একটি বাড়িতে সৌদি বিমান হামলায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

সৌদি নেতৃত্বাধীন একটি জোট ইয়েমেনের লোহিত সাগর উপকূলসহ বিভিন্ন এলাকায় হুতিদের বিরুদ্ধে লড়াইরত সরকারপন্থী বাহিনীকে বিমান সহায়তা দিয়ে আসছে।

২০১৪ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে ইয়েমেন ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে। ওই বছর হুতিরা রাজধানী সানা থেকে সরকারকে ক্ষমতাচ্যুত করে। পরে ২০১৫ সালে সংঘাত আরও তীব্র হলে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সরকারের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক হস্তক্ষেপ করে।