বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

১৩ অক্টোবর ২০২৬

২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক: গুল-এজার বেগম সিটি কর্পোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত।

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গুল-এজার বেগম সিটি কর্পোরেশন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলির চর্চায় গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে তাদের সাফল্যের স্বীকৃতি প্রদান এবং অন্য শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রোশাঙ্গীর, জাহেদুল হক, আবদুল আউয়াল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ ও নুসরাত রেহেনাসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় এবং শিক্ষা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।