মঙ্গলবার
১৩ অক্টোবর ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: খেজুরে তেল মিশিয়ে প্যাকেটজাত ও বিক্রিসহ নানা অনিয়মের দায়ে চট্টগ্রাম নগরীর ফলমন্ডি স্টেশন রোড ও দেওয়ানহাট এলাকায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বাজার তদারকি অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং কেনাবেচার ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স আল্লাহওয়ালা এন্টারপ্রাইজ ও মেসার্স এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা করে এবং মেসার্স রাউজান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মোড়কজাতকরণ বিধি অনুসরণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর সংরক্ষণ এবং খেজুরের গায়ে তেল মিশিয়ে প্যাকেটজাত ও বাজারজাত করার দায়ে তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, খাবার রান্নায় কাশ্মীরি মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করার দায়ে দেওয়ানহাট এলাকার তায়েফ রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বাজার তদারকিতে নেমে বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেছে।
এসব অপরাধে প্রতিষ্ঠানগুলোর মালিকদের আর্থিক জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকতে তাদের সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজারে অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।