বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

১৩ অক্টোবর ২০২৬

২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

শিক্ষার্থীদের বর্জন ও বিক্ষোভের মুখে চুয়েট ছাড়লেন নতুন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের টানা ৩০ ঘণ্টার তীব্র আন্দোলন ও অবরুদ্ধ দশার পর অবশেষে জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় ক্যাম্পাস ছেড়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার পেয়ে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

চুয়েট ক্যাম্পাস সূত্রে জানা যায়, অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আসছেন শিক্ষার্থীরা। তারা সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন।

আন্দোলনের একপর্যায়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা হয় এবং তার কার্যালয় ও বাসভবনের বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

মঙ্গলবার পরিস্থিতি ঘোলাটে হলে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমের প্রত্যক্ষ সহায়তায় উপাচার্যকে ক্যাম্পাস থেকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসিকে প্রত্যাখ্যান করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি কৌশিক জানান, উপাচার্য ভবিষ্যতে আর কোনো দিন চুয়েট ক্যাম্পাসের মাটিতে পা রাখবেন না—এমন চরম শর্তে তাকে বের হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “আমরা তাকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছি। আমাদের একমাত্র গ্রহণযোগ্য উপাচার্য অধ্যাপক ড. সায়েম স্যার।”

শিক্ষার্থীদের বর্জন ও আন্দোলনের মুখে উপাচার্যের ক্যাম্পাস ত্যাগের পর চুয়েটে বর্তমানে থমথমে ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।