বুধবার
১৪ অক্টোবর ২০২৬
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। পাশাপাশি আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়ার পরপরই টঙ্গী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সম্ভাব্য ভয়াবহতা ও বিস্তারের ঝুঁকি বিবেচনায় আশপাশের স্টেশন থেকে আরও তিনটি ইউনিটকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ওষুধ কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রমিক ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে থাকা কাঁচামাল, প্যাকেজিং সামগ্রী ও অন্যান্য দাহ্য পদার্থ আগুনের বিস্তার ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ এবং কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি তা যেন আশপাশের ভবন ও অন্যান্য কারখানায় ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।