বুধবার
১৪ অক্টোবর ২০২৬
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় জোরদারে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত সিএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম।
সভায় জঙ্গল সলিমপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত এবং এলাকার বিদ্যমান সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে একটি কার্যকর ও বাস্তবসম্মত সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে সব দপ্তর ও সংস্থার দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
এ ছাড়া এলাকায় স্থায়ীভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনানুগ কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও সভায় উঠে আসে।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, বিপিএম; সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী; চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএমসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।