শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শুক্রবার

১৬ অক্টোবর ২০২৬

১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—দুর্গাপূজার বাণীতে প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: মানবতার কল্যাণ, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য।

শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী বলেন, হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করেন। শত্রুর বিনাশ ও সৃষ্টিকে লালন করার মধ্য দিয়ে দেবী দুর্গার আবির্ভাব অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনার প্রতীক হয়ে উঠেছে। এ কারণেই শারদীয় দুর্গোৎসবের তাৎপর্য অনন্য।

তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করছেন এবং ভবিষ্যতেও করবেন। এটাই বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিতাড়নের পর বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে শুরু হয়েছে বাংলাদেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা সরকারের অঙ্গীকার।

তিনি আশা প্রকাশ করেন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ আরও সমৃদ্ধ হয়ে উঠবে।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার—রাষ্ট্র সবার। ধর্ম যার যার—নিরাপত্তা পাবার অধিকার সবার।”

তিনি হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের উৎসাহ-উদ্দীপনার সঙ্গে, নিশ্চিন্তে ও নিরাপদে সারা দেশে দুর্গোৎসবের আনন্দ উদ্‌যাপনের আহ্বান জানান এবং তাঁদের শুভেচ্ছা জানান।