শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শুক্রবার

১৬ অক্টোবর ২০২৬

১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর সিএমপি, নগরীর পাঁচ পূজামণ্ডপ পরিদর্শন কমিশনারের

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

শুক্রবার (১৬ অক্টোবর) তিনি নগরীর জেএম সেন হল পূজামণ্ডপ, প্রবর্তক সংঘ মন্দির, নন্দ মহাজন বাড়ি মন্দির, শ্রীশ্রী জয়কালী মন্দির এবং গোসাইলডাঙ্গা বালক সংঘ পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিএমপি কমিশনার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা করেন তিনি।

দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন সিএমপি কমিশনার। উৎসব চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরিদর্শনকালে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত।

এ ছাড়া সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট থানা-পুলিশের সদস্য এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।

নগরীতে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুলিশি তৎপরতা এবং নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।