রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

শনিবার

১৭ অক্টোবর ২০২৬

২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

সাফায়েত মেহেদী, মিরসরাই: মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ৭৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

শনিবার বিকেলে মিরসরাই উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে এ আয়োজন অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ক্লাবের পৃষ্ঠপোষক সদস্য মো. শেখ ফরিদের সভাপতিত্বে এবং ক্লাবের সহ-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন অমিতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেবি শিশু কানন ও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন এবং হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হামিদা আবেদীন পলি।

শুভেচ্ছা বক্তব্যে ক্লাবের সভাপতি ফজলুল করিম নয়ন বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটিয়ে শিক্ষার আলো সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়াই বিজলী শিক্ষোন্নয়ন ক্লাবের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে এ বৃত্তি কার্যক্রম চালু রাখা হয়েছে। ভবিষ্যতেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে আরও বেশি শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক হাছান শাকিল এবং শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈমসহ আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত ৭৭ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

।