সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সোমবার

১৯ অক্টোবর ২০২৬

৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

নান্দনিক সাজে চট্টগ্রাম, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত চসিক

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে বন্দরনগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিকভাবে সাজিয়ে বরণ করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধন, সড়ক উন্নয়ন, ঐতিহাসিক স্থাপনার সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নগরীর ঐতিহাসিক জে এম সেন হল প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন ও সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা জানান মেয়র।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চার দিন আগেও জেএম সেন হলের যে চিত্র ছিল, চসিকের সর্বাত্মক চেষ্টায় বর্তমানে তার আমূল পরিবর্তন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এখানে এলে চট্টগ্রামের ঐতিহাসিক ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্যের এক অনবদ্য প্রতিফলন দেখতে পাবেন।”

ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, যাত্রা মোহন সেনগুপ্ত, যতীন্দ্র মোহন সেনগুপ্ত, সূর্য সেন ও মহিমচন্দ্র দাসসহ দেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা বীরদের স্মৃতি নিদর্শন এতদিন অযত্ন-অবহেলায় পড়ে ছিল। চসিকের উদ্যোগে এসব স্থাপনা সংস্কার করে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে, যাতে নতুন প্রজন্ম গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে পারে।

প্রস্তুতির বিস্তারিত তুলে ধরে তিনি জানান, প্রধানমন্ত্রীর যাত্রাপথ থেকে সব অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়েছে। বিমানবন্দর সড়ক, ভিআইপি সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম চলছে। বর্ষার পরই সড়ক সংস্কারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সাইকেল ট্র্যাক ও বোট ক্লাব সড়কের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে।

জামালখান এলাকাকে আরও নান্দনিক ও জনবান্ধব করার পরিকল্পনার কথা জানিয়ে মেয়র বলেন, “এসব উদ্যোগ কেবল প্রধানমন্ত্রীর আগমনকেন্দ্রিক নয়; বরং নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক চট্টগ্রাম গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।”

নগরবাসীদের উচ্ছ্বাসের কথা উল্লেখ করে তিনি বলেন, “চট্টগ্রামের সর্বস্তরের মানুষ ও সনাতন ধর্মাবলম্বী মা-বোনেরা প্রধানমন্ত্রীকে বরণ করতে অত্যন্ত আগ্রহী ও আনন্দিত। সকলের সহযোগিতায় সফরটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।”

পরিদর্শনকালে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।