সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সোমবার

১৯ অক্টোবর ২০২৬

৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

সাফায়েত মেহেদী, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে শারদীয় দুর্গাপূজার আনন্দের মাঝেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রিয়াঙ্কা দাশ (৩০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার খৈয়াছরা ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকার দাস বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিয়াঙ্কা দাশ ওই এলাকার পলাশ দাশের স্ত্রী। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পল্লী বিদ্যুতের মূল লাইনের তার ছিঁড়ে পড়েছিল। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি বারবার পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সোমবার সকালে প্রিয়াঙ্কা দাশ বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে ছিঁড়ে থাকা তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পুকুরে পড়ে যান।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ শাহ্লাং মারমা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, “ঘটনা জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবার মামলা করবে না বলে জানিয়েছে।”

তবে অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আদনান আহমদ চৌধুরী।

তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় তার ছিঁড়ে যাওয়ার কোনো অভিযোগ আমাদের অফিসে আসেনি। কিছু গ্রাহক বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়ে ফোন করেছিলেন, যা বিভিন্ন কারণে হতে পারে। সকালে দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা আমরা তদন্ত করে দেখছি।”