বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মঙ্গলবার

২০ অক্টোবর ২০২৬

৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

দেশ স্বাধীন করেছে সবাই, গড়তেও হবে সবাইকে নিয়ে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশ স্বাধীন করেছে। এখন সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়ার কাজ করতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে—এটাই হওয়া উচিত সবার প্রত্যাশা। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য এবং সহযোগিতার বিকল্প নেই।

১২ তারিখের নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। সমাজের প্রতিটি শ্রেণির মানুষের প্রয়োজন ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। এ ছাড়া ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য গুরুজনদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি শ্রেণির খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে সরকার কাজ করছে। দেশের মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শারদীয় দুর্গাপূজার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি একটি আনন্দ ও উৎসবের সময়। এ উৎসবকে সামনে রেখে সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি।

সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।