মঙ্গলবার
২০ অক্টোবর ২০২৬
৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নগরের জেএম সেন হলসহ দুটি ভেন্যুতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নগরের কোতোয়ালী থানার আওতাধীন ঐতিহাসিক জেএম সেন হল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেএম সেন হলসহ দুটি ভেন্যুতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রটোকল অনুযায়ী নিরাপত্তাসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকবে না। সব প্রস্তুতি বিবেচনায় নিয়ে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।
হাসান মোহাম্মদ শওকত আলী আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিভিন্ন স্তরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ক্ষেত্রে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকের পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।