বুধবার
২১ অক্টোবর ২০২৬
৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: আজ বুধবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ছয় দিনের পূজার আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। উৎসবের আনন্দের পাশাপাশি মণ্ডপে মণ্ডপে এখন বিরাজ করছে বিদায়ের আবহ।
গতকাল মহানবমীতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা যায়। ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দেন এবং ভোগ নিবেদন করেন। নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে শুরু হয় দেবীকে বিদায় জানানোর প্রস্তুতি।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ।
গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসব। এরপর সপ্তমী, অষ্টমী ও মহানবমীর পূজা-অর্চনা শেষে আজ বিজয়া দশমীতে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা।
বিজয়া দশমী উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
দুর্গোৎসব ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি করা হয় বর্ণিল তোরণ ও দৃষ্টিনন্দন পূজামণ্ডপ। পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। উৎসবকে কেন্দ্র করে কয়েক দিন ধরে পূজামণ্ডপগুলোতে ছিল ভক্ত ও দর্শনার্থীদের আনাগোনা।
বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটি। এ বছর হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি বাড়িয়ে তিন দিন করা হয়েছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি ভোগ করছেন সরকারি ছুটির আওতাভুক্ত কর্মজীবীরা।