বুধবার
২১ অক্টোবর ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর পূজামণ্ডপ। পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে আজ বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী। আনন্দ-উৎসব শেষে এবার দেবী দুর্গাকে বিদায় জানানোর পালা। সিঁদুর খেলা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব।
বিজয়া দশমী উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দেবীর বিদায়কালীন পূজা, দর্পণ বিসর্জন ও অপরাজিতা পূজা। দশ উপচারে পূজা শেষে দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন ভক্তরা।
আয়নায় দেবীর প্রতিবিম্ব দর্শনের মধ্য দিয়ে সম্পন্ন হয় দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে মণ্ডপে দেবীর পূজার সমাপ্তি ঘটে।
দেবীকে বিদায় জানানোর আগে বিবাহিত নারীরা অংশ নেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলায়। সিঁদুর, পান-সুপারি, ধান-দূর্বা ও মিষ্টি দিয়ে দেবীকে বরণ করেন তাঁরা।
দেবীর সিঁথিতে সিঁদুর পরানো ও মিষ্টিমুখ করানোর পর একে অপরের কপালে সিঁদুর পরিয়ে উৎসবে মেতে ওঠেন নারীরা। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, সধবা নারীদের কাছে এই আচার সৌভাগ্য ও দীর্ঘায়ুর প্রতীক হিসেবে বিবেচিত।
শাস্ত্রীয় পঞ্জিকা ও সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গার মর্ত্যে আগমন হয়েছে ঘোড়ায় এবং কৈলাসে গমন হবে নৌকায়।
চেরাগী পাহাড় পূজামণ্ডপের পুরোহিত মানু রঞ্জন ভট্টাচার্য বলেন, বিজয়া দশমী অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়ের বার্তা বহন করে। শারদীয় দুর্গোৎসব কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার উৎসব।
তিনি আরও বলেন, দেবী দুর্গার কাছে প্রার্থনা—পৃথিবী থেকে হিংসা, হানাহানি ও বিভেদ দূর হোক। সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে একসঙ্গে বসবাস করুক।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর চট্টগ্রাম মহানগর ও জেলা মিলিয়ে মোট ২ হাজার ৫৬৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে চট্টগ্রাম নগরে প্রতিমা ও ঘট পূজাসহ মণ্ডপের সংখ্যা ২৯৪টি। জেলার ১৬ উপজেলায় প্রতিমা পূজা হয়েছে ১ হাজার ৬৫৫টি মণ্ডপে এবং ঘট পূজা হয়েছে ৬১৯টি মণ্ডপে। এ বছর নতুন করে প্রায় ৪০০টি মণ্ডপ যুক্ত হয়েছে।
বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।