বুধবার
২১ অক্টোবর ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি-দক্ষিণ) বিশেষ অভিযানে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) রাত ১টা ৫০ মিনিটের দিকে নগরের ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে চেকপোস্ট বসিয়ে ট্রাকটি আটক করা হয়।
সিএমপির ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার থেকে মাদকদ্রব্য নিয়ে একটি ট্রাক কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে রাত ১২টা ২০ মিনিটের দিকে অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হয়। পরে মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে চেকপোস্ট বসিয়ে ট্রাকটি আটক করা হয়।
এ সময় ট্রাকের চালক মো. রুহুল আমিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রুহুল আমিন ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন চেম্বারে ইয়াবা থাকার কথা জানান। পরে তাঁর দেখানো ও বের করে দেওয়া মতে ওই চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ নিবন্ধন নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।