শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার

২২ অক্টোবর ২০২৬

৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

হাসিনা ফিরবেন কি না, সিদ্ধান্ত দেবে সময়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তা সময়ই বলে দেবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তবে তাঁর মতে, শেখ হাসিনার দেশে ফেরার সময় এখনো আসেনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ভোলার ব্যাংকের হাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পার্থ বলেন, ২০২৪ সালের হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা এখনো বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। এ পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফিরে আসা বাস্তবসম্মত বলে মনে করেন না তিনি।

আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নিয়ে মন্ত্রী বলেন, দলটি প্রায় আড়াই বছর আগে দেশ ছেড়ে চলে গেছে। এরপর তাদের উল্লেখযোগ্য রাজনৈতিক কার্যক্রম দেখা যায়নি, যদিও কিছু নেতা-কর্মী মিছিল করছেন। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চাইলে অনেক চিন্তাভাবনা করে এগোতে হবে।

তিনি আরও বলেন, জুলাইয়ের ঘটনাকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই। আওয়ামী লীগকে এ বিষয়ে ক্ষমা চাইতে হবে এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এরপর দেশের মানুষ চাইলে দলটি রাজনীতি করার সুযোগ পাবে কি না, তা সময়ই নির্ধারণ করবে।

আওয়ামী লীগের গণতন্ত্রবিষয়ক বক্তব্যের সমালোচনা করে পার্থ বলেন, দলটি আগে দেশে জঙ্গিবাদের বিস্তার নিয়ে কথা বলত, আর এখন গণতন্ত্র নেই বলে অভিযোগ করছে। অথচ তাঁর অভিযোগ, আওয়ামী লীগ ১৭ বছর ধরে গণতন্ত্র ধ্বংস করেছে। বর্তমান সরকার নির্বাচিত হয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বলেও দাবি করেন তিনি।

শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রসঙ্গ টেনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আগে দাবি করত, বিএনপি ক্ষমতায় এলে দেশে পূজা হবে না। কিন্তু এবার বাংলাদেশে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।

এ সময় জেলা ও বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।