শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শনিবার

২৪ অক্টোবর ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলি, অক্ষত সংগীতশিল্পী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ হামলার ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন।

পুলিশের বরাত দিয়ে জানা গেছে, ভোরে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনার পেছনে ব্যক্তিগত শত্রুতা, পেশাগত বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আসিফ আকবর বাংলাদেশের সংগীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় শিল্পী। সংগীতের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও রয়েছে তাঁর পরিচিতি। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।