শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শনিবার

২৪ অক্টোবর ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

এআইয়ের কারণে দুই দশক অস্থিরতা চলতে পারে, বিল গেটসের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক:: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ আগামী দুই দশকে বিশ্ব অর্থনীতি ও সমাজে বড় ধরনের পরিবর্তন এবং অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মতে, এআইয়ের বিস্তারের ফলে চাকরির বাজারে ব্যাপক পরিবর্তন আসবে, যার প্রভাব পড়বে মানুষের জীবনযাত্রায়ও।

সম্প্রতি প্রকাশিত ‘ডিকোডার’ পডকাস্টের এক সাক্ষাৎকারে ৭০ বছর বয়সী বিল গেটস এসব কথা বলেন। তিনি জানান, এআইনির্ভর অর্থনীতিতে রূপান্তরের ফলে একদল মানুষ ও প্রতিষ্ঠান লাভবান হবে, অন্যদিকে কেউ কেউ ক্ষতির মুখে পড়তে পারে। এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে বিশ্বকে দীর্ঘ সময় অস্থিরতা মোকাবিলা করতে হতে পারে।

গেটসের ধারণা, এই রূপান্তরকাল প্রায় ২০ বছর স্থায়ী হতে পারে। তবে এটিকে নিশ্চিত ভবিষ্যদ্বাণী হিসেবে দেখছেন না তিনি। তাঁর মতে, প্রযুক্তির অগ্রগতির গতি এবং এআইয়ের বিকাশ নিয়ন্ত্রণে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তার ওপর এই সময়কাল নির্ভর করবে।

বিল গেটসের মতে, এআই এবং মানুষের মতো দেখতে রোবটের উন্নতির ফলে ভবিষ্যতে যন্ত্রের সাহায্যে বাড়ি নির্মাণ, খাদ্য উৎপাদন এমনকি অস্ত্রোপচারের মতো জটিল কাজও করা সম্ভব হবে। এর ফলে পণ্য ও সেবার ঘাটতি কমে আসতে পারে।

তবে সব কাজ যে যন্ত্রের হাতে চলে যাবে, এমনটিও মনে করেন না তিনি। শিশুর যত্ন নেওয়া, রান্না, শিল্পকলা ও খেলাধুলার মতো কিছু ক্ষেত্রে মানুষ নিজেরাই যুক্ত থাকতে চাইবে বলে তাঁর ধারণা।

স্বাস্থ্যসেবা ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের সম্ভাব্য সুফলের কথা তুলে ধরলেও এর দ্রুত বিকাশ মোকাবিলায় সরকার ও সমাজের প্রস্তুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গেটস।

তিনি সাইবার হামলা ও জীববৈজ্ঞানিক হুমকি প্রতিরোধে সরকারি নজরদারি এবং প্রযুক্তিগত সুরক্ষা জোরদারের ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, এআইয়ের ঝুঁকি মোকাবিলার দায়িত্ব শুধু প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ছেড়ে দিলে চলবে না; সরকার ও সমাজকেও কার্যকর ভূমিকা রাখতে হবে।

গেটস সতর্ক করে বলেন, সবচেয়ে অনুকূল পরিস্থিতিতেও এআইয়ের বিকাশ মানব ইতিহাসের অন্যতম বড় পরিবর্তন ও অস্থিরতার সময় তৈরি করতে পারে। তবে এই প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে মানুষের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।

তাই এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর ঝুঁকি নিয়ন্ত্রণে সময়োপযোগী নীতি, কার্যকর নিরাপত্তাব্যবস্থা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।