শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শনিবার

২৪ অক্টোবর ২০২৬

৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

প্রবারণা পূর্ণিমায় সম্প্রীতির বার্তা, বান্দরবানে সেনাবাহিনীর অনুদান

বান্দরবান প্রতিনিধি: বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন বৌদ্ধবিহার, পাড়াভিত্তিক সংগঠন, পূজা উদযাপন কমিটি ও অসচ্ছল ব্যক্তিদের আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর সেনা জোন।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদর সেনা জোনের প্রশিক্ষণ শেডে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর সেনা জোনের মেজর রাফিউর রহমান রাজীব।

অনুষ্ঠানে বিভিন্ন বৌদ্ধবিহার, পাড়াভিত্তিক সংগঠন ও প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটির প্রতিনিধিদের পাশাপাশি অসচ্ছল ও দরিদ্র ব্যক্তিদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

এ সময় মেজর রাফিউর রহমান রাজীব বলেন, বান্দরবানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুদান গ্রহণকারী হ্লাচিং মারমা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর এই ভালোবাসা আমাদের জন্য বড় অনুপ্রেরণা।”

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর এ উদ্যোগ ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতার পাশাপাশি পাহাড়ি জনপদে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার পরিবেশ আরও জোরদার করবে।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।