সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সোমবার

২৬ অক্টোবর ২০২৬

১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

‘ক্রসফায়ার প্রয়োজন হলে সরকার অনুমতি দেবে’—আইজিপি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: ক্রসফায়ার প্রয়োজন হলে এবং সরকার অনুমতি দিলে পুলিশ তা করবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ‘ফ্যাসিস্ট’ বলে, আবার পুলিশ নিষ্ক্রিয় থাকলে তাকে দুর্বল বলা হয়। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।

তিনি বলেন, ‘যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি এলাও করে, আমরা সেটাই করব।’

পুলিশের দায়িত্ব পালন ও বলপ্রয়োগ নিয়ে সমালোচনার প্রসঙ্গ তুলে আইজিপি আরও বলেন, পুলিশ লাঠিপেটা করলে সমালোচনা করা হয়, আবার পুলিশ নীরব থাকলেও দুর্বলতার অভিযোগ ওঠে। তাই পুলিশকে যথাযথভাবে কাজ করার পরিবেশ দিতে হবে এবং দায়িত্ব পালনে সক্ষম করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন ও সংবিধান মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে পুলিশের কোনো সদস্য অপরাধে জড়ালে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন আইজিপি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সবার সহযোগিতা করা প্রয়োজন। গুজব ও মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা যাচাই করতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান তিনি।