বৃহস্পতিবার
২৯ অক্টোবর ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: চট্টগ্রামের জোরারগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন মস্তাননগরে নাহার ফিড মিলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. আমিন (৩৭) ও দ্বীন মোহাম্মদ (২৭)। তারা দুজনই কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসআরবি-৭, চট্টগ্রামের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজারগামী নীলাচল পরিবহনের একটি বাস চেকপোস্টের কাছে এলে বাসে থাকা দুই যাত্রী তাদের সঙ্গে থাকা ব্যাগ নিয়ে দ্রুত নেমে পালানোর চেষ্টা করেন। পরে অভিযানকারী দলের সদস্যরা তাদের আটক করেন।
পরবর্তীতে তাদের কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ।