বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার

২৯ অক্টোবর ২০২৬

১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

ডায়ালাইসিস সেবা বন্ধ নয়, প্রয়োজনে আর্থিক সহায়তা দেবে চসিক

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

প্রয়োজনে সিটি করপোরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজের কান্তা ছাত্রী নিবাসে আবাসিক ছাত্রীদের জন্য নবনির্মিত ‘দ্য স্টাডি লাউঞ্জ’ ও ‘দ্য প্রেয়ার হল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ডায়ালাইসিস সেন্টারের সেবা যেন বন্ধ না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাই কাজ করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ, মেডিকেল কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা সম্ভব না হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি আরও জানান, আগামী ছয় মাসের মধ্যে, অর্থাৎ ২০২৭ সালের জুন-জুলাইয়ের দিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজের সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে সিটি করপোরেশনের প্রশাসক বলেন, তিনি এ প্রতিষ্ঠান থেকেই এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তাই প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং রোগীদের সেবার মানোন্নয়নে কাজ করাকে তিনি নিজের দায়িত্ব বলে মনে করেন।

তিনি বলেন, মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকার পরিচ্ছন্নতা, পরিবেশ উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনেও সিটি করপোরেশন কাজ করছে। হাসপাতাল এলাকার বাইরের অংশের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ১০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি সবুজায়ন ও পরিবেশকে আরও সুন্দর করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এর যথাযথ রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে চট্টগ্রাম মেডিকেল কলেজকে আরও সুন্দর ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

প্রাক্তন শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, দেশ-বিদেশে প্রতিষ্ঠিত চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে এ প্রতিষ্ঠানের গভীর আবেগ ও আত্মিক সম্পর্ক রয়েছে। তাঁদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে এই সম্পর্ক আরও সুদৃঢ় করা প্রয়োজন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় নবনির্মিত স্টাডি লাউঞ্জ ও প্রেয়ার হল স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল, অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, ডা. ফয়েজ উদ্দিন, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. ইফতেখারুল ইসলাম, ডা. কামরুন নেছা রুনা, ডা. রাশেদা সামাদ, ডা. বাসনা মুহুরী, ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী ও ডা. ইমরোজ উদ্দিনসহ চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।