বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার

২৯ অক্টোবর ২০২৬

১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

কাজীর দেউড়ী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, মাছ বিক্রেতা ও রেস্টুরেন্টকে জরিমানা

সিনিয়র রিপোর্টার: চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ী বাজার ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মাছে ভেজাল, মেয়াদোত্তীর্ণ পাউরুটি ও পোড়া তেল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ (২৯ অক্টোবর) অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দলের সমন্বয়ে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেশি মাগুর মাছের সঙ্গে চাষের শিং মাছ মিশিয়ে বিক্রি এবং চাষের শিং মাছকে দেশি মাছ হিসেবে বিক্রির অপরাধে খালেকের মাছের দোকান ও আনোয়ার ফিসকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মেয়াদোত্তীর্ণ পাউরুটি দিয়ে বার্গার তৈরি এবং কয়েক দিনের পুরোনো পোড়া তেলে খাদ্য প্রক্রিয়াকরণের অপরাধে সিপি ফাইভ স্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ‘সাম’স’ নামের রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত বিভিন্ন উপকরণ দিয়ে অস্বাস্থ্যকর উপায়ে খাবার তৈরি, রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে একই ফ্রিজে সংরক্ষণ এবং খাবার তৈরির জন্য মেয়াদোত্তীর্ণ পাউরুটি মজুতের অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।