শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার

২৯ অক্টোবর ২০২৬

১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

যান্ত্রিক ত্রুটিতে ৫ ঘণ্টা বিলম্বের পর জাপান থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: চার দিনের জাপান সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রায় ৫ ঘণ্টা ফ্লাইট বিলম্বিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান টোকিও থেকে ছেড়েছে।

এর আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিট) বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করার কথা ছিল।

জানা গেছে, পুশব্যাকের পর রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটি ধরা পড়লে উড্ডয়ন স্থগিত করা হয়। এতে উড়োজাহাজটি বিমানবন্দরে আটকে পড়ে এবং প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের অপেক্ষা করতে হয়।

চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।

এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জাপান সফরকালে প্রধানমন্ত্রী দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।