শুক্রবার
৩০ অক্টোবর ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, এডিস মশার লার্ভা ধ্বংস করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নতুন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ পরিষদ আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা’ শীর্ষক আলোচনা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, এডিস মশার লার্ভা ধ্বংসে সিটি করপোরেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত বিটিআই (BTI) প্রযুক্তিনির্ভর লার্ভিসাইড ব্যবহার করছে। এটি একটি ব্যাকটেরিয়াভিত্তিক পদ্ধতি, যা এডিস মশার লার্ভা ধ্বংসে কার্যকর ভূমিকা রাখে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।
তিনি বলেন, সিটি করপোরেশনের কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি। ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত পাত্র, ফুলের টব ও ছাদে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই বাসাবাড়ির আঙিনা, ছাদ ও আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে চসিক প্রশাসক বলেন, অন্তত তিন দিন পরপর বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণের অভ্যাস গড়ে তুলতে হবে। নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণের উদ্যোগ পুরোপুরি সফল করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, এডিস মশা সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে। তাই শুধু রাতে নয়, দিনের বেলায় ঘুমানোর সময়ও মশারি ব্যবহার করা জরুরি। পাশাপাশি ঘরের জানালায় মশা প্রতিরোধক নেট ব্যবহারের পরামর্শ দেন তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, সিটি করপোরেশনের প্রচেষ্টার সঙ্গে নগরবাসী সচেতনভাবে অংশ নিলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে ডেঙ্গুমুক্ত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ পরিষদের সভাপতি শেখ মোজাফফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এবং হাসপাতালটির অধ্যাপক ডা. মোহাম্মদ সাইদুজ্জামান।
সোমা মুৎসুদ্দির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তুতুল বাহার, সহসভাপতি আনোয়ারুল হক চৌধুরী ও ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শোয়েব, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসা খান, ডা. জাফরুল্লাহ পরিষদের সম্পাদক রাজন বড়ুয়া, রাজিব শীল, তাহেরা আক্তার ও জান্নাতুল মাওয়া মারুফাসহ অন্যরা।