শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

শুক্রবার

৩০ অক্টোবর ২০২৬

১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

নতুন প্রতিভা বিকাশে ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ: সিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার: খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বিকাশের পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ও চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সভাপতি হাসান মো. শওকত আলী।

তিনি বলেন, ক্রীড়া আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে এবং ব্যাডমিন্টনের প্রসার ঘটবে। তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) জিমন্যাশিয়াম হলে ‘হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হোসেন মটরসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. ফেরদৌস আলী চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) ও চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান মো. গোলাম রুহুল কুদ্দুস, মহানগর ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খানসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড়, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।