বুধবার, ৪ নভেম্বর ২০২৬

মঙ্গলবার

০৩ নভেম্বর ২০২৬

১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

চসিকের ৫৭ স্বাস্থ্যকেন্দ্রে যাবে ১ কোটি টাকার ওষুধ

নিজস্ব প্রতিবেদক: দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর জন্য প্রায় ৩ কোটি টাকা মূল্যের ওষুধসামগ্রী প্রদান করেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।

আন্তর্জাতিক দাতা সংস্থা Direct Relief-এর সহযোগিতায় পাওয়া এসব ওষুধের মধ্যে চমেক হাসপাতালের জন্য প্রায় ২ কোটি টাকা এবং চসিকের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর জন্য প্রায় ১ কোটি টাকা মূল্যের ওষুধ রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব ওষুধ হস্তান্তর করা হয়। চমেক হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, Direct Relief-এর সহযোগিতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে ওষুধসামগ্রী প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও অসহায় রোগীরা বিশেষভাবে উপকৃত হবেন। এ সহযোগিতা দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

তিনি বলেন, ওষুধ সরবরাহের পাশাপাশি চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের সহযোগিতার সুযোগ রয়েছে। সমন্বিতভাবে কাজ করা গেলে চট্টগ্রামের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

করোনাকালীন সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অবদানের কথা স্মরণ করে প্রশাসক বলেন, সংকটের সময় হাসপাতালটি করোনা রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়েও প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবায় উল্লেখযোগ্য অবদান রাখছে। তিনি ওষুধ সহায়তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও Direct Relief-কে ধন্যবাদ জানান।

একই দিন চসিকের সম্মেলনকক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে সিটি করপোরেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর জন্য প্রায় ১ কোটি টাকা মূল্যের ওষুধ হস্তান্তর করা হয়।

ডা. শাহাদাত হোসেন জানান, চসিকের অধীনে ২০টি দাতব্য চিকিৎসালয়, ৩২টি আরবান হেলথ ক্লিনিক এবং মাতৃসদন ও হাসপাতালসহ মোট ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে পর্যায়ক্রমে ওষুধ সরবরাহ করা হবে।

তিনি বলেন, ওষুধগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের প্রয়োজন অনুসারে বিনামূল্যে বিতরণ করা হবে। এতে নগরীর দরিদ্র ও নিম্নআয়ের মানুষ মানসম্মত ওষুধ পেয়ে উপকৃত হবেন। আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সিটি করপোরেশন কাজ করছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন জানান, এটি প্রাথমিক পর্যায়ের ওষুধ সহায়তা। সামনে আরও বড় চালানে ওষুধ আসবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে।

অনুষ্ঠানগুলোতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চমেক হাসপাতাল এবং চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।