বৃহস্পতিবার
০৫ নভেম্বর ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা, কল্যাণ এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।
তিনি বলেন, দক্ষ, সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে সদস্যদের কল্যাণ নিশ্চিত করা জরুরি। তাঁদের শারীরিক সক্ষমতা, মানসিক প্রশান্তি ও কর্মস্পৃহা বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে সিভিক সেন্টারে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা ও অভিযোগ নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার পুলিশ লাইন্সের অব্যবহৃত ও পরিত্যক্ত স্থান সংস্কার করে ব্যবহার উপযোগী করার নির্দেশ দেন। পাশাপাশি এসব জায়গায় শাকসবজি ও ফলমূল চাষের উদ্যোগ নিতে পুলিশ সদস্যদের উদ্বুদ্ধ করেন।
তিনি বলেন, অব্যবহৃত জমির সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ ও স্বনির্ভরতা বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মনোবল ও কর্মস্পৃহা বাড়াতে নিয়মিত খেলাধুলা এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেন পুলিশ সুপার। এ ছাড়া প্রতিটি থানায় প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম ও উপকরণ সরবরাহের বিষয়েও নির্দেশনা দেন তিনি।
সভায় পেশাগত দক্ষতা ও বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কার, সম্মাননা সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।
ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং অপরাধী ও পলাতক আসামি গ্রেপ্তারে উল্লেখযোগ্য অবদান রাখায় তাঁদের এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার। সেগুলো সমাধানে তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ নেন তিনি।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত নীতিমালা অনুসরণ এবং পেশাগত শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল অফিসার, কোর্ট ইন্সপেক্টর, টিআই (অ্যাডমিন), ডিআইও-১, আরআই, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।