বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৫ নভেম্বর ২০২৬

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, ৩ হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের ফলমুন্ডি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, বাসি খাবার সংরক্ষণ ও খাদ্যদ্রব্যে তেলাপোকার বিচরণসহ বিভিন্ন অপরাধে তিনটি খাবারের হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে নগরের ফলমন্ডি ৩য় তলায় বিভিন্ন খাবারের হোটেলে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, রান্না করা বাসি খাবার পুনরায় বিক্রির উদ্দেশ্যে অপরিচ্ছন্ন ফ্রিজে সংরক্ষণ এবং খাদ্যদ্রব্যে অবাধে তেলাপোকার বিচরণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—নাসির উদ্দিন হোটেলকে ২৫ হাজার টাকা, আল বোরাক টি স্টল অ্যান্ড ঝাল বিতানকে ২০ হাজার টাকা এবং জিলানী ভাত ঘরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, নগরের কর্ণফুলী এলাকায় অপর একটি দলের তদারকি অভিযানে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয়ের জন্য অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে মুনিরিয়া ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের অপরাধ পুনরায় না করার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও রানা দেবনাথ এবং মো. আফতাবুজ্জামান উপস্থিত ছিলেন।

জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।