বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৫ নভেম্বর ২০২৬

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ আটক যুবদল নেতা নওশেদ বহিষ্কার

সাফায়েত মেহেদী, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ আটক সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নওশেদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবু সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. নওশেদ আলমকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় সংগঠন বহন করবে না। একই সঙ্গে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় নওশেদ আলমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী বলেন, ‘কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠন বহন করবে না। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাঁকে কোনো ছাড় দেওয়া হবে না।’