বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার

০৫ নভেম্বর ২০২৬

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক রিয়াজ উদ্দিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী মাইশার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ঘাতক লরির চালককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃত চালকের নাম মো. রিয়াজ উদ্দিন (৩২)।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় জেলা ডিবির একটি বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। রিয়াজ উদ্দিন নোয়াখালী সদর থানার বাটির টেক এলাকার মো. আবু তাহেরের ছেলে।

মাইশা বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন।

পরে জেলা পুলিশ সুপারের আশ্বাস এবং শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবির পরিপ্রেক্ষিতে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। দাবিগুলোর অন্যতম ছিল দুর্ঘটনায় জড়িত লরি চালককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।

পুলিশ জানায়, শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে ঘাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রাখা হয়। এরই ধারাবাহিকতায় জেলা ডিবির অভিযানে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।