শনিবার, ৭ নভেম্বর ২০২৬

শনিবার

০৭ নভেম্বর ২০২৬

২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Logo

স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকলে বিপ্লবের র‍্যালিও চলবে: তারেক রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে একটি মহল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার, ভোটের অধিকার ও কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল। জনগণ তাদের পরাজিত করেছে। তবে তারা আবারও ষড়যন্ত্র নিয়ে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘আসুন, আজ এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই—যেকোনো মূল্যে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব। এটাই হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রতিজ্ঞা। প্রিয় ভাই ও বোনেরা, যত দিন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ থাকবে, তত দিন এই বিপ্লবের র‍্যালি চলমান থাকবে।’

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

দিবসটি উপলক্ষে বেলা তিনটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। এতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন। শোভাযাত্রাটি কাকরাইল, হেয়ার রোড, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।

বিকেল সাড়ে চারটার দিকে শোভাযাত্রার শেষ পর্যায়ে একটি ট্রাকের ওপর দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

শোভাযাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা।