শনিবার
০৭ নভেম্বর ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


উপজেলা প্রতিনিধি: মিরসরাইয়ের বড়তাকিয়া বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের পাশে সাদা কালো সুইটস অ্যান্ড ব্রেকার্সের দ্বিতীয় শোরুম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শোরুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দুই সহোদর মোহাম্মদ রাশেদ ও মিল্টন। তাঁদের দাবি, নিজস্ব ডেইরি ফার্মে উৎপাদিত দুধ থেকে ছানা তৈরি করে তা দিয়ে বিভিন্ন ধরনের মিষ্টি ও খাদ্যপণ্য প্রস্তুত করা হয়। শোরুমটিতে ঐতিহ্যবাহী ও আধুনিক নানা ধরনের মিষ্টি, রসমালাই, দই, বিভিন্ন স্বাদের কেক, পেস্ট্রি, বিস্কুটসহ নানা ধরনের কনফেকশনারি পণ্য পাওয়া যাচ্ছে।
প্রতিষ্ঠানটিতে পাওয়া যাচ্ছে বাদামী সুইটস, সেমাই লাড্ডু, কাঁঠালী ভোগ, ক্ষীর টোস্ট, ঘি টোস্ট, টাং টোস্ট, ক্রীম জাম, কাটা জাম, ছানার মঞ্জুরী, সন্দেশ, সাদা চমচমসহ বেশ কয়েকটি ভ্যারাইটির মিষ্টি।
ডেইরি খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠানটি সেরা স্টল ও মিষ্টান্ন, গুণগত মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সফল উদ্যোক্তা সম্মাননাসহ মোট ৫ বার পুরস্কার অর্জন করেছে।
নিজস্ব ডেইরি ফার্মের দুধ দিয়ে পণ্য উৎপাদন এবং গুণগত মান ও পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জনে কাজ করছেন উদ্যোক্তারা। দ্বিতীয় শোরুম চালুর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারিত হলো।